ফিরলেন সাকিব, পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

দলকে বিপদে রেখে আজমতউল্লাহ ওমরজাইয়ের দ্বিতীয় শিকার হিসেবে সাজঘরে ফিরলেন সাকিব আল হাসান। ১৫ বলে ৯ রান এসেছে তার ব্যাট থেকে।

এর আগে লেগ-বাই থেকে দ্রুত এক রান নিতে গিয়ে করিম জানাতের সরাসরি থ্রোয়ে ভাঙে মোহাম্মদ নাঈমের স্টাম্প। ব্যাট হাতে ফের ব্যর্থ টা্ইগার ওপেনার বিদায় নেন ১৯ বলে ১৩ রান নিয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৭ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মুশফিকুর রহিম (৪) ও অধিনায়ক মাহমুদউল্লাহ (১)।

শুরুটা দুর্দান্ত করলেও বেশিক্ষণ ঠিকতে পারেননি লিটন দাস (১৩)। নিজের প্রথম ওভার করতে আসা ওমরজাইয়ের প্রথম বলেই ছক্কা মারতে গিয়ে শরফউদ্দিন আশরাফের হাতে বন্দী হন তিনি। ইনিংসের শুরুতে চার মারার পর মোহাম্মদ নবিকে উইকেট উপহার দেন ওপেনার মুনিম শাহরিয়ার (৪)। উড়িয়ে মারতে গিয়ে তিনিও বন্দী হন শরফউদ্দিনে হাতে।

আজ জিতলে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো আফগানদের হোয়াইটওয়াশের স্বাদ পাবে টাইগাররা। সেই সঙ্গে নিতে পারবে প্রতিশোধও। ২০১৮ সালে ভারতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের হাতে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

এই ম্যাচের একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম। ইয়াসির আলীর পরিবর্তে জায়গা পেয়েছেন তিনি। আঙুলের চোটের কারণে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না মুশফিক। এই ম্যাচ দিয়ে সীমিত ওভারের এই ক্রিকেটে শততম ম্যাচ খেলবেন মুশি।