মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জহুরুল ইসলাম (৬৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই আদেশ দেন।
এছাড়াও তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম। তিনি গোবিন্দগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের মালাধর গ্রামের মৃত নায়েব উদ্দিনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, আসামিকে মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ডাদেশ কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও জব্দকৃত হেরোইন ধ্বংস করার আদেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু বলেন, আমরা রায়ে সন্তুষ্ট নই। আসামিপক্ষ ন্যায় বিচার পায়নি। আমরা বিশ্বাস করি, হাইকোর্টে আপিল করলে জহুরুল ইসলাম খালাস পাবেন। হাইকোর্টে আপিল করা হবে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২ জুন রাত আটটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পৌর বাজারের বস্তা পট্টি ও বিস্কুট পট্টিতে হেরোইন কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মমিরুল হক। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি পালিয়ে যান।
অভিযানে নিজের বস্তার দোকানের ভেতর থেকে জহুরুল ইসলামকে আটক করা হয়। দোকানের ভেতরেই জহুরুল ইসলামের শরীর তল্লাশি করে পলিথিনের ভেতরে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।