সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় পরকীয়ার জেরে স্ত্রী রিপা বেগমকে (৩০) কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে র্যাব।
রবিবার দুপুরে পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত আব্দুল হামিদ মিল্টনকে (৪২) আটক করেছে সুনামগঞ্জ র্যাব। তিনি সুনামগঞ্জ সুরমা ইউনিয়নে মঈনপুর গ্রামের লেম্বু মিয়া ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে ডিভোর্সের পর থেকে দ্বিতীয় স্বামী আব্দুল হামিদকে নিয়ে সংসার করছিলেন রিপা বেগম।
গত ১৫ দিন আগে আব্দুল হামিদের সঙ্গে ঝগড়া করে মঈনপুর গ্রাম থেকে সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় ভাড়া বাসা নিয়ে মঙ্গলকাটা গ্রামের গুলজার আহমদ নামে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে বাস করতে থাকেন।
সেই খবর পেয়ে আব্দুল হামিদ মিল্টন রবিবার দুপুরে পশ্চিম তেঘরিয়া এসে দরজা লাগিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়; পরে ঘরে থাকা দা দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।
স্থানীয়রা দরজা খুলতে বললে সে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। পরে বাসার মালিক ৯৯৯ এ ফোন দিয়ে ঘটনাটি বললে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে নারীকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়নাল আবেদীন জানান, পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। স্বামীকে আটক করেছে সুনামগঞ্জ র্যাব। স্ত্রীর মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।