দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক দেশ রূপান্তরের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস।
শহরের নিউমার্কেটের পালকি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে শেরপুর প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক জিএম বাবুলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
সিনিয়র সাংবাদিক ও কবি রফিক মজিদের সঞ্চালনায় দেশ রূপান্তরের শেরপুর জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট স্বাগত বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্য অতিথির মধ্যে সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ফকির আখতারুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু, শেরপুর প্রেসক্লাবের সহসভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ইউএনও মেহনাজ ফেরদৌস বলেন, সাংবাদিকেরা হলো দেশের চতুর্থ স্তম্ভ। দেশ ও জাতি সাংবাদিকদের নিকট থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। সাংবাদিকেরা জাতির বিবেক। দেশ রূপান্তর শেরপুরের আয়না হিসেবে কাজ করবে এই প্রত্যাশা রাখি।
এ সময় দেশ রূপান্তরর জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট বলেন, স্বাধীনতার স্বপক্ষে মুক্তচিন্তার দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি কাজ করে আসছে। এই পত্রিকার স্বার্থে আমি যত দিন প্রতিনিধি আছি তত দিন মানুষের কল্যাণে কাজ করে যাব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র সাংবাদিক ও কবি তালাত মাহমুদ, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, মাসুদ হাসান বাদল, রেজাউল করিম বকুল, মোহাইমিনুল ইসলাম হুমায়ুন, মনিরুজ্জামান রিপন, কাজি মাসুম, মো. আলমগির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।