শনাক্ত হার ২.৬৩, নতুন ধরনের শঙ্কা

দেশে বর্তমানে করোনা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে এখনো ভাইরাসের মিউটেশন ও ইভোল্যুশন হচ্ছে। এতে ওমিক্রনের যেসব নতুন উপধরন বিএ.২ বা অন্য কিছু, তা চলে আসার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ বিভাগের প্রধান ও অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন। তিনি বলেছেন, ‘সবাইকে মাস্ক পরতে হবে, মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।’ গতকাল রবিবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ সতর্কবার্তা দেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে,গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫২৯ জন আর মারা গেছেন আটজন। পাশাপাশি শনাক্তের হার দুই দশমিক ৬৩ শতাংশ। এর আগে গতকাল শনিবার রোগী শনাক্ত হয় ৩৬৮ জন আর মৃত্যু হয় ১৩ জনের এবং শনাক্ত হার ছিল দুই দশমিক ১১ শতাংশ। দেশে নতুন রোগী ও মৃত্যু দেশে মোট নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জন এবং মোট মারা গেলেন ২৯ হাজার ৮৫ জন।

অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ১৩২টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৫ লাখ ২৬ হাজার ৯৪১টি। দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৪০ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে পুরুষ ছয়জন আর নারী দুইজন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৬৬ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ৫১৯ জন। বয়স বিবেচনায় তাদের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের আছেন তিনজন, ৭১ থেকে ৮০ বছরের আছেন দুইজন আর ৩১ থেকে ৬০ বছরের আছেন তিনজন।