উড়ন্ত সূচনা করলেও শেষটা ভালো হয়নি বাংলাদেশের। শেষ ৩২ রান করতেই ৫ উইকেট হারিয়েছে তারা। চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ১৪১ রানের লক্ষ্য দিয়েছে টাইগ্রেসরা।
জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে বিনা উইকেটে ৩১ রান করেছে কিউইরা। জয়ের জন্য তাদের দরকার আর ১১০ রান। এর আগে বৃষ্টির কারণে ২৭ ওভারে নেমে আসা ম্যাচটিতে ওপেনার ফারজানা হক পিংকির ফিফটির সুবাদে ৮ উইকেটে ১৪০ রান করে বাংলাদেশ।
ডানেডিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৫৯ রান করে বাংলাদেশ নারী দল। ওপেনার শামীমা সুলতানা বিদায় নেনে ৩৬ বলে ৩৩ রান করে। এরপর দ্রুত রান তুলতে গিয়ে ফেরেন অধিনায়ক-উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি (১১)।
মাত্র ১ রানে বোল্ড হন রুমানা আহমেদ। শোভানা মোস্তারির ব্যাট থেকে আসে ১৩ রান। বেশিক্ষণ দাঁড়াতে পারেননি রিতু মনি (৪)। দলের ষষ্ঠ উইকেট হিসেবে রান আউট হন পিংকি। টাইগ্রেস ওপেনার ৬৩ বলে মাত্র ১ চারে করেন ৫২ রান।
এরপর দ্রুত রান তুলতে গিয়ে রান আউট হন সালমা খাতুন (৯) ও জাহানারা আলম (২)। অপরাজিত ছিলেন লতা মন্ডল (৯) ও নাহিদা আক্তার (০)। কিউইদের হয়ে ৩ উইকেট নিয়েছেন অ্যামি সাটারওয়েট।