ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নের ময়নাতদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। স্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে তার।
গত শুক্রবার রাতে ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে ৫২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন ওয়ার্ন। সর্বকালের সেরা এই লেগ-স্পিনারের মৃত্যুর তিনদিন পর সোমবার তার ময়নাতদন্তের ফল জানায় পুলিশ। ওয়ার্নের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তারা তা গ্রহণ করেছেন।
এই ক্রিকেট কিংবদন্তির মরদেহ আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার রাষ্ট্র প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেখানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে সেখানে নিয়ে যাওয়া হয়েছে ওয়ার্নকে।
গত শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুইর এক রিসোর্টে অচেতন অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। সঙ্গে থাকা সঙ্গী ও চিকিৎসকেরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের আকস্মিক মৃত্যু হতবিহ্বল করে দেয় সবাইকে।
থাইল্যান্ডের ডেপুটি ন্যাশনাল পুলিশের মুখপাত্র কিসানা ফাথানাচারোয়েন এক বিবৃতি বলেন, ‘আজ তদন্তকারীরা ময়নাতদন্তের ফলাফল পেয়েছে। মেডিকেল কর্মকর্তাদের মন্তব্য, এই মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।’