লক্ষীপুরে শুরু হলো ‘মাইক’ সিনেমার শুটিং

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে সরকারের অনুদানপ্রাপ্ত শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’র শুটিং শুরু হয়েছে। ৭ মার্চ, সোমবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরু’র লক্ষ্মীপুর পৌর শহরের গোডাউন রোড এলাকার বাড়িতে চলচ্চিত্রটির মহরত উদ্বোধন করা হয়।

এ সময় চলচ্চিত্রটির পরিচালক এফ এম শাহীন, হাসান জাফরুল (বিপুল), চলচ্চিত্র অভিনেতা তারিক আনাম খান, অভিনেত্রী তানভীন সুইটিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অভিনেতা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, ‘মাইক’ প্রযোজনা করছেন তরুণ লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীন। এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এফ এম শাহীন ও হাজান জাফরুল বিপুল চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন।

প্রযোজক ও পরিচালক এফ এম শাহীন বলেন, ‘পুরো চলচ্চিত্রটির শুটিং লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় করা হবে। মাসব্যাপী অভিনেতা ও কলাকুশলীরা এখানে থেকেই কাজ করবেন। প্রথম দিনের শুটিং সফলভাবে সম্পন্ন করা হয়েছে।’