আইপিএলে মোস্তাফিজদের প্রথম ম্যাচ ২৭ মার্চ

আইপিএলের ১৫তম আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন মোস্তাফিজুর রহমান। ২৬ মার্চ শুরু হবে এবারের আসর। মোস্তাফিজদের দল দিল্লি ক্যাপিটালসের মিশন শুরু হবে পরদিন, অর্থাৎ ২৭ মার্চ।

সদ্যই আইপিএলের অফিশিয়াল সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। ১০ দলের আসরে ম্যাচ সংখ্যা ৭০টি। তবে করোনা মহামারির কারণে খেলা হবে শুধু মুম্বাই ও পুনের চারটি স্টেডিয়ামে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। পরদিন মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মোস্তাফিজদের দিল্লি খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।

ওয়াংখেড়ে ও ব্র্যাবোর্ন স্টেডিয়াম ছাড়াও মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা হবে। অন্য ভেন্যু পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম।

মোস্তাফিজ তার আইপিএল দলের সঙ্গে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের পর। ১৮-২৩ মার্চ সফরকারী বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।