যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ রাশিয়ার বন্ধু নয় এমন দেশের তালিকা

রাশিয়ার বন্ধু নয় এমন কয়েকটি রাষ্ট্র ও অঞ্চলের তালিকার অনুমোদন দিয়েছে রুশ সরকার। ইউক্রেনে হামলার পর যেসব দেশ ও অঞ্চল রাশিয়ার প্রতিষ্ঠান এবং নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ অন্যান্য উদ্যোগ নিয়েছে তারা আছে এ তালিকায়।

সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাসের প্রতিবেদন অনুযায়ী এই তালিকায় আছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইইউ রাষ্ট্র (২৭ সদস্য দেশ), যুক্তরাজ্য (জার্সি, অ্যাঙ্গুইলা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, জিব্রাল্টারসহ), ইউক্রেন, মন্টিনিগ্রো, সুইজারল্যান্ড, আলবেনিয়া, অ্যান্ডোরা, আইসল্যান্ড, লিচেনস্টাইন, মোনাকো, নরওয়ে, সান মারিনো, উত্তর ম্যাসেডোনিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, মাইক্রোনেশিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এবং তাইওয়ান। 

এর মধ্যে তাইওয়ান চীনের একটি অঞ্চল হিসেবে বিবেচিত, কিন্তু ১৯৪৯ সাল থেকে তার নিজস্ব প্রশাসন দ্বারা শাসিত।

তাসের প্রতিবেদনে বলা হয়, তালিকায় উল্লিখিত এসব দেশ ও অঞ্চল ইউক্রেনে রাশিয়ান সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান শুরুর পর নিষেধাজ্ঞা আরোপ বা সমর্থন দিয়েছে।

রুশ সরকার জানিয়েছে নতুন ডিক্রি অনুযায়ী এসব দেশের বিদেশি ঋণদাতাদের সঙ্গে রাষ্ট্র, তার অঞ্চল ও পৌরসভাসহ যেসব রাশিয়ান নাগরিক এবং প্রতিষ্ঠানের লেনদেন আছে তারা রুবলে অর্থ প্রদান করতে পারবে। তবে নতুন অস্থায়ী এই পদ্ধতিটি প্রতি মাসে ১০ মিলিয়ন রুবলের (বা বিদেশি মুদ্রায় একই পরিমাণ) চেয়ে বেশি অর্থ প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।