হোমনায় স্কুলছাত্রকে হত্যার দায়ে ৩ বন্ধুর আমৃত্যু কারাদণ্ড

কুমিল্লার হোমনায় জাহিদ হাসান নামে এক স্কুলছাত্রকে হত্যার দায়ে তিন বন্ধুর আমৃত্যু কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪-এর বিচারক সেলিনা আক্তার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান বাবুল ও মো. আবদুল্লাহ আল নোমান।

রায় ঘোষণার সময় আসামি মুরাদনগর উপজেলার দুলালপুরের মো. খাইরুল ইসলাম (১৭) উপস্থিত থাকলেও অন্য দুই আসামি হোমনা উপজেলার ভিটিকালমিনা গ্রামের জিহাদ হোসেন (১৯) ও এমদাদ হোসেন (১৭) পলাতক।

২০১৭ সালের ৪ নভেম্বর হোমনার সাপলেজী গ্রামের মো. আক্তারুজ্জামানের ছেলে ও দুলালপুর চন্দ্র মনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জাহিদ হাসানকে বাড়ির পাশ থেকে কৌশলে অপহরণ করে তারই তিন বন্ধু। অপহরণকারীরা ৬ নভেম্বর জাহিদের চাচা মাসুদ রানার মোবাইল ফোনে কল দিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অভিযান চালিয়ে জিহাদ, এমদাদ ও খাইরুলকে আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুলালপুর চন্দ্র মনি উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতর থেকে জাহিদের লাশ উদ্ধার করা হয়।