বাড়তি দামে সয়াবিন বিক্রি, ৬ দোকানকে জরিমানা

মাদারীপুরে সয়াবিন তেল ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি কারায় ছয়টি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে মাদারীপুর রাজৈর উপজেলার রাজৈর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

রাজৈর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নুরুজ্জামান মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক রাজৈর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় সয়াবিন তেলের ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্য নেওয়ায় স্বপন শাহাকে ৪০ হাজার, সামির ভ্যারাইটিস স্টোরের সাদ্দাম হোসেনকে ১০ হাজার ও আবুল খায়ের কাজীর মুদি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে মাতৃ মিষ্টান্ন ভান্ডারের দীপংকর সাহাকে ৫ হাজার, তৃপ্তি মিষ্টান্ন ভান্ডারের মালিক অরুণ কান্তি সাহাকে ৫ হাজার ও গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের গোবিন্দ সাহাকে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার খবর পেয়ে অন্য মুদি ও মিষ্টির দোকানগুলো বন্ধ করে পালিয়ে যায় দোকানিরা। এ রকম ঝটিকা অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ক্রেতারা।