এটা অন্যায়, দোন্নারুম্মাকে ফাউল করেছে বেনজেমা: পচেত্তিনো

আরেকটি স্বপ্নভঙ্গের রাত দেখতে হলো মাউরিসিও পচেত্তিনোকে। প্রথম লেগে এক গোলের জয়, ফিরতি লেগের শুরুতে এগিয়ে গিয়েও চ্যাম্পিয়নস লিগের শেষ আটে যাওয়া হলো না পিএসজির।

করিম বেনজেমার হ্যাটট্রিকে ফরাসি চ্যাম্পিয়নদের হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ফরাসি ফরোয়ার্ড দলের প্রথম গোলটি পান পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে।

তবে মাদ্রিদের এই গোলটি মেনে নিতে পারছেন না কোচ পচেত্তিনো। গোলপোস্টের কাছে সতীর্থকে বল দিতে যাওয়া দোন্নারুম্মাকে ধাক্কা দিয়ে ফেলে দেন বেনজেমা। সেই বল পান ভিনিসিয়াস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অ্যাসিস্টে জাল খুঁজে নেন বেনজেমা।

তবে ফাউলের বদলে রেফারির গোল দেওয়াকে অন্যায় মনে করছেন পচেত্তিনো। ম্যাচ শেষে পিএসজি কোচ জোর দিয়ে বলেন, ‘খুব অন্যায় অনুভূত হচ্ছে। কারণ এই গোলের কারণে। দোন্নারুম্মাকে বেনজেমার ধাক্কা দেওয়াটা পুরোপুরি ফাউল।’

তবে এমন ভুলের জন্য সমালোচনার মুখে পড়েছেন ইতালিয়ান গোলরক্ষক। কিন্তু দোন্নারুম্মার পাশে আছেন পচেত্তিনো, ‘এটা ভুল ছিল না। কারণ এটা সম্পূর্ণ ফাউল। বিভিন্ন দিক থেকে ৩০-৪০ বার দেখেছি এটা।’