সরবরাহ বাড়ায় আবারও দিনাজপুরের হাকিমপুরের হিলিতে কাচা মরিচের দাম কমেছে কেজিতে ২০ টাকা করে।
দুদিন আগে প্রতি কেজি কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন কাঁচামরিচ ব্যবসায়ীরা।
এদিকে দাম কমতে শুরু করায় সুবিধা হয়েছে জানিয়ে দাম আরও কমার দাবি ক্রেতাদের।
হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, বাজারে তেল, চালসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী তখন কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে কাঁচামরিচের দামে। দুদিন আগে যে কাঁচামরিচ ৮০ টাকায় উঠেছিল আজ তা কমে ৬০ টাকায় নেমেছে এতে করে আমাদের মতো মানুষদের কিনতে সুবিধা হয়েছে। মাঝে দাম বাড়ার কারণে প্রয়োজনের চেয়ে কম কিনতাম এখন সেখানে চাহিদামতো কিনতে পারছি।
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, সম্প্রতি কিছুদিন থেকে আবহাওয়ার বিরূপ প্রভাব কখনো ঠান্ডা আবার কখনো গরম সেই সঙ্গে ঝড় বৃষ্টি এর প্রভাবে কাচা মরিচের গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় ও মরিচের ফুল ঝড়ে যাওয়ায় কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। সেই সাথে মৌসুম শেষ হওয়ার কারণে বাজারে কাঁচামরিচের সরবরাহ কমায় দাম বাড়তির দিকে হয়েছিল।
‘মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন কাঁচামরিচ উঠতে শুরু করায় বাজারে কাঁচামরিচের সরবরাহ বাড়তে শুরু করেছে। যার কারণে দাম কমতে শুরু করেছে। সেই সঙ্গে দেশে কাচা মরিচের দাম বাড়তির কারণে আমদানিকারকরা ভারত থেকে কাচা মরিচ আমদানির তৎপরতা শুরু করার প্রভাব পড়েছে বাজারে দামের উপর।’