ইউক্রেন-রাশিয়া বৈঠক নিয়ে যা বলছে তুরস্ক

তুরস্কের আনাতোলিয়া শহরে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে শান্তি আলোচনার পর তুর্কী পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসলু এই বৈঠকটিকে একটি ‘গুরুত্বপূর্ণ সূচনা’ বলে উল্লেখ করেছেন।

তুরস্কের একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘মাত্র একটি বৈঠক থেকে অলৌকিক কিছু আশা করা ঠিক নয়’।

২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এই প্রথম দুটো দেশের মধ্যে এতো উচ্চ পর্যায়ের কোনো বৈঠক অনুষ্ঠিত হলো।

তুর্কী পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক অসুবিধা সত্ত্বেও, আমি বলবো একটি ভালো বৈঠক হয়েছে। আমরা মানবিক করিডোর খোলা রাখার ওপর জোর দিয়েছিলাম’।

এই যুদ্ধে তুরস্ক নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চেষ্টা করছে। কারণ দুটো দেশের সঙ্গেই তাদের কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

ওদিকে, বৃহস্পতিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিওপোলে রুশ সেনারা ফের বোমাবর্ষণ শুরু করেছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

ওই শহরের কাউন্সিল টেলিগ্রামে একটি পোস্ট দিয়ে বলছে যে রাশিয়ার বাহিনী শহরের কেন্দ্রে বৃষ্টির মতো বোমা ফেলছে।

তারা বলছে আবাসিক এলাকাতেও উদ্দেশ্যমূলকভাবে বোমাবর্ষণ করা হচ্ছে।

রুশ সৈন্যরা কয়েকদিন ধরে শহরটি ঘিরে রেখে সেখানে আক্রমণ অব্যাহত রেখেছে। এর ফলে সেখানে বিদ্যুৎ, পানি ও খাদ্যের সঙ্কট তৈরি হয়েছে।

ইউক্রেন সরকার বলছে, মানবিক ত্রাণ-সাহায্য নিয়ে গাড়ির একটি বহর মারিওপোল শহরে পৌঁছাতে চেষ্টা করেছিল। কিন্তু আক্রমণের কারণে তারা ফিরে আসতে বাধ্য হয়েছে।

অন্যদিকে, রুশ সেনাদের হাতে অবরুদ্ধ ৭টি শহরে যুদ্ধ বিরতি চলছে। আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।