কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় সাত বছর বয়সী শিশু সুরাইয়া পারভিনকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে মানববন্ধন করেছে নিহত শিশুটির স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়ার আলাউদ্দিন আহমেদ প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন করা হয়। এতে বক্তারা বলেন, ঘটনাটিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একটি চক্র।
ধর্ষণ ও হত্যার অভিযোগে তিনজনের নামোল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছে নিহত শিশু সুরাইয়ার বাবা স্থানীয় বাসিন্দা ছগির মিয়ার ছেলে মো. রুবেল। এ মামলায় এজাহারভুক্ত আসামিরা হলো কুষ্টিয়া শহরের মিললাইন ভাটাপাড়া এলাকার বাসিন্দা রেজন ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৪৫), দুলু মিয়ার ছেলে ইনছান (৪৩) এবং গোলাম মোস্তফার ছেলে সুমন (৪০)।
গত শনিবার রাতে শিশুটির বাড়ির একটি ঘরে পাওয়া যায় আলাউদ্দিন আহমেদ অ্যাকাডেমির প্রথম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়ার মরদেহ।