আমদানি বাড়ায় হিলিতে পেঁয়াজের দাম নামলো ২৫ টাকায়

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আগের চেয়ে পেঁয়াজের আমদানি বাড়ায় দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বেড়েছে। এতে করে সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিতে ৭ টাকা কমেছে। পূর্বে ৩২ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হলেও তা কমে ২৫ থেকে ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, নাসিক জাতের পেঁয়াজ ২৯ থেকে ৩০ টাকা, গুজরাট জাতের পেঁয়াজ ৩২ টাকা, নগর জাতের পেঁয়াজ ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা পূর্বে ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। একইভাবে হিলির কাঁচাবাজারেও খুচরাতে সব ধরনের পেঁয়াজের দাম কমেছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আমিনুল ইসলাম বলেন, বাজারে প্রতিদিনই সব জিনিসপত্রের দাম বাড়ছে তাতে করে আমাদের মতো খেটে খাওয়া মানুষজনের চরম সমস্যায় পড়তে হচ্ছে। তবে গত তিন চার দিন পূর্বে হিলি বাজারে পেঁয়াজ ক্রয় করেছি ৩৫ টাকা কেজি সেই পেঁয়াজের দাম আজ কেজিতে ১০ টাকা কমে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এতে করে আমাদের জন্য সুবিধা হয়েছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মনিরুল আলম বলেন, আগামীতে যদি আমদানি আরও বাড়ে তাহলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। একইভাবে দেশীয় পেঁয়াজের দাম পূর্বের তুলনায় কমেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। গত সপ্তাহে যেখানে বন্দর দিয়ে ১৮/২০ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো বর্তমানে তা বেড়ে ৩০ থেকে ৩৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। বন্দর দিয়ে গত ৫ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত এই ৬ দিনে ২০৩টি ট্রাকে ৫ হাজার ৭৮৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

পেঁয়াজ যেহেতু কাচা পণ্য গরমে দ্রুত এটি পচে নষ্ট হয়ে যায় যার কারণে আমদানিকারকেরা যেন দ্রুত তা খালাস করে নিতে পারেন সে লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে।