ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিয়ালের মাংস বিক্রি!

কুমিল্লার মুরাদনগরে প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মাংসের ক্রেতা পাওয়ার জন্য ফেসবুকে মোবাইল নম্বর দিয়ে যোগাযোগও করতে বলা হয়েছে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল হাছান মার্কেটে শিয়াল জবাই করে পাঁচশ টাকা কেজি ধরে বিক্রি করেন স্থানীয় একদল যুবক। ক্রেতা পাওয়ার জন্য শফিকুল ইসলাম তার ফেসবুক আইডিতে শিয়ালের মাংস কাটার ছবিসহ মোবাইল নম্বরও দিয়েছেন।

উল্লেখিত নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিয়ালের মাংস ডিফ ফ্রিজে রাখা আছে। কাজিয়াতল হাছান মার্কেটে এসে ফোন দিলে আপনাকে রিসিভ করা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, মাছ ধরার খোঁচা দিয়ে তারা শিয়াল শিকার করেন। বাতব্যথার প্রতিষেধক হিসেবে শিয়ালের মাংস খাওয়ার কোনো বিকল্প নেই, এমন কথা বলেই তারা বিক্রি করছেন মাংস।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল আলমের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিয়ালের মাংস রান্না করে খেলে বাত-ব্যথা ভালো হবে এর কোনো ভিত্তি নেই।

খোঁজ নিয়ে আরো জানা যায়, বর্ষা চলে যাওয়ায় ও ছোট বড় ঝোপ-ঝাড় কমে যাওয়ায় দিনের বেলায় প্রকাশ্যেই চলে আসছে শিয়াল। এই সুযোগে শিয়াল শিকার করে একদল যুবক তার মাংস বিক্রি করছেন। তারা অন্যত্র খাসির মাংস বলে বিক্রি করেন শিয়ালের মাংস।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েক জন বলেন, গত দুই বছরে শিয়ালের সংখ্যা বেড়েছে অনেক। হরহামেশাই শোনা যায় শিয়ালের মাংস বিক্রির খবর। কসাই কোথায় গরু বা খাসি জবাই করছেন তার কোনো তদারকি নেই সংশ্লিষ্টদের। তাই মাঝে মধ্যে আতঙ্ক নিয়েই কিনতে হচ্ছে মাংস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত অপরাধ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দেয়া হবে।