দেশের ফুটবলকে আরও একবার চমকে দিল স্বাধীনতা ক্রীড়া সংঘ। চলতি বিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচে পরাশক্তি আবাহনী লি. ঢাকাকে ১-১ গোলে রুখে দিয়েছে তারা।
এর আগে দেশের আরেক ফুটবল পরাশক্তি বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করেছিল বিপিএলে উঠে আসা দলটি।
শুক্রবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৩৯তম মিনিটে নাবিব নেওয়াজ জীবনের গোলে এগিয়ে যায় আবাহনী। ম্যাচের শেষ মুহূর্তে চমকে দেয় স্বাধীনতা। ৮০তম মিনিটে ইকবাল হোসেইনের গোলে সমতায় ফেরে তারা।
লিগের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্কার ব্রুজনের দল। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আবাহনী।
মারিও লেমোসের দলকে হারালেও পয়েন্ট তালিকায় তলানিতে আছে স্বাধীনতা। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ৫।