ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে শিয়ালের মাংস বিক্রি

কুমিল্লার মুরাদনগরে প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস বিক্রি হচ্ছে। আর এ মাংসের ক্রেতা পাওয়ার জন্য ফেইসবুকে মোবাইল নম্বরসহ স্ট্যাটাস দিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে।

জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল হাছান মার্কেটে শিয়াল জবাই করে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন স্থানীয় একদল যুবক। ক্রেতা পাওয়ার জন্য তাদের একজন শফিকুল ইসলাম তার ফেইসবুক আইডিতে শিয়ালের মাংস কাটার ছবি ও মোবাইল নম্বরসহ স্ট্যাটাস দেন। সে নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শিয়ালের মাংস ডিপফ্রিজে রাখা আছে। কাজিয়াতল হাছান মার্কেটে এসে ফোন দিলেই হবে।’

খোঁজ নিয়ে জানা যায়, মাছ ধরার চল বা কোচ দিয়ে শিয়াল শিকার করা হয়। শিয়ালের মাংস রান্না করে খেলে বাত-ব্যথাসহ অন্যান্য কঠিন রোগ সারে এমন কথা বলে এ মাংস বিক্রি করা হয়। তবে এর কোনো ভিত্তি নেই বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল আলম।

ইউএনও অভিষেক দাশ বলেন, ‘ফেইসবুকে বেশ কয়েকটি ছবি আমরা পেয়েছি। জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দেওয়া হবে।’