৫১০০ লিটার তেল উদ্ধার

ঝিনাইদহের হরিণাকু-ুতে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীর দোকান থেকে ৫ হাজার ১০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রামনগর বাজারে এ অভিযান চালানো হয়। দুই ব্যবসায়ী হলেন বিধান সাহা ও দিলদার আলী।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ বলেন, ‘গোপন সূত্রে খবর পাই রামনগর বাজারের ব্যবসায়ী বিধান সাহা ও দিলদার আলী বিপুল পরিমাণ সয়াবিন তেল গোপনে মজুদ করেছেন। পরে রাতে অভিযান চালিয়ে দিলদার আলীর মুরগির খামার থেকে ১৩টি ড্রাম ভর্তি ২ হাজার ৬০০ লিটার ও বিধান সাহার গুদাম থেকে ১২টি ড্রাম ভর্তি আড়াই হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। অবৈধভাবে তেল মজুদ করার দায়ে দিলদার আলীকে ৫০ হাজার ও বিধান সাহাকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। গত ১২ ফেব্রুয়ারি এসব সয়াবিন তেল এনে মজুদ করে তারা চড়া দামে বিক্রি করছিল।’