দুই বাস-ট্রাকের সংঘর্ষ হবিগঞ্জে নিহত ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাস ও এক ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও ২০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা পুলিশের।

ঢাকার ধামরাইয়ে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৯টায় ধামরাই ধানতারা সড়কের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ৯ জন প্রাণ হারিয়েছে।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সামান্থা আলম যূথী (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাকে বহনকারী মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। ওই রাতে বনানীতে আরেক মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। গতকাল গাজীপুরের গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর। কুমিল্লায় প্রাইভেট কারচাপায় নিহত হয়েছে এক কিশোর ও এক শিশু। বরিশালে নিহত হয়েছেন এক যুবক। ময়মনসিংহের গৌরীপুরে গতকাল সন্ধ্যায় প্রাইভেট কার-মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে :

হবিগঞ্জে নিহত ৪ : শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী বাস ও সিলেট থেকে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিলেটমুখী আরেকটি বাস পেছন দিক দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলে দুই পুরুষ মারা যান। হাসপাতাল নেওয়ার পর মারা যান আরও দুজন।

সরেজমিন জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান এবং নিহতদের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখে।

ওসি অজয় চন্দ্র দেব ও উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রজব আলীসহ সংশ্লিষ্টদের অনুরোধে জনতা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ধামরাইয়ে নিহত ৩ : ঢাকার ধামরাইয়ে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৯টায় ধামরাই ধানতারা সড়কের ঢুলিভিটা মমতাজ ডায়াবেটিস হাসপাতালের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সায়লা শায়মীন জেসি জানান, এ দুর্ঘটনায় নিহতরা হলেন ধামরাইয়ের ভাড়ারিয়া গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী পিয়ারা বেগম (৪৫) ও তার দুই ছেলে নাসিব খান (২৩) ও ছোটন খান (১৮)।

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রীসহ ২ জন নিহত : গত বৃহস্পতিবার রাত ১টার দিকে মিরপুরের শাহআলী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত কলেজছাত্রী যূথী ইউসেফ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ডিপ্লোমা বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্রী ছিলেন। এ ঘটনায় তাকে বহনকারী মোটরসাইকেল চালক নিলয় গুরুতর আহত হয়েছেন।

চিকিৎসাধীন নিলয় সাংবাদিকদের জানিয়েছেন, যূথী তার বন্ধু। তাদের কলেজ থেকে কুমিল্লায় বনভোজনে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফিরে যূথীকে নিয়ে তার মোটরসাইকেলে করে তাদের বাসায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে তারা দুজনই রাস্তায় ছিটকে পড়েন।

কলেজছাত্রী যূথী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নুরুল ইসলাম টিপুর মেয়ে। মিরপুর দিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

দারুস সালাম থানার এসআই আমিনুল ইসলাম জানান, নিলয় নিজেই যূথীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত নিলয়কে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে রাজধানীর বনানীতে আরেক মোটরসাইকেল দুর্ঘটনায় কাজী আমিনুল হক নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আমিনুল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সুমন এব যুবক নামের গুরুতর আহত হন। তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বনানী থানার এসআই সাইফুল আলম দেশ রূপান্তরকে জানান, নিহত আমিনুলের বাবার নাম কাজী আলিমুল হক। থাকেন মহাখালী স্কুল রোডের ভাড়া বাসায়। আমিনুল তেমন কিছুই করতেন না। তবে আহত সুমন গুলশান-২ এলাকায় ফুটপাতে ব্যবসা করেন।

কাপাসিয়ায় মোটরসাইকেল রেসে প্রাণ গেল দুই বন্ধুর : কাপাসিয়ায় মোটরসাইকেল রেস করতে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন রাজিব (২৫) ও রাহুল (২০) নামের দুই যুবক। তার পরস্পর বন্ধু। এ ঘটনায় তাদের আরও চার বন্ধু গুরুতর আহত হয়েছেন। ছয় বন্ধু তিনটি মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী হিজলিয়া গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছিলেন।

কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, বিষয়টি যেহেতু তাদের নিজেদের মধ্যকার প্রতিযোগিতার কারণে ঘটেছে তাই কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম রুবেল মোল্লা (২৮)। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে একটি নসিমন মালামাল পরিবহনের উদ্দেশ্যে পাতারহাট বন্দর থেকে স্টিমারঘাট লঞ্চঘাট এলাকায় যাওয়ার পথে বেপরোয়া গতির কারণে পথে পুরাতন লঞ্চঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লায় প্রাইভেট কারচাপায় প্রাণ গেল শিশু ও তরুণের : কুমিল্লায় প্রাইভেট কারচাপায় এক কিশোর এবং এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো বুড়িচং উপজেলার শাহদৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল হোসেন (১৬) এবং একই এলাকার বিল্লাল হোসেনর ছেলে মো. আনিস (৫)।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, একটি প্রাইভেট কার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রবিউল মারা যায়। গুরুতর অবস্থায় আনিসকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহে নিহত ২ : ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর এলাকায় গতকাল সন্ধ্যা ৬টার দিকে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম শামস উদ্দিন (৬০)। তিনি রামগোপালপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে। অন্যজনের নাম জানা যায়নি। গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।