আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমার মনে হয়, তেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে। গতকাল শুক্রবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
আনিসুল হক বলেন, ‘গত ৪০ বছরে বিশ্বে ভোজ্য তেলের দাম যত বেড়েছে, সম্প্রতি তার চেয়েও বেড়েছে অনেক বেশি। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। তেলের দাম নিয়ন্ত্রণ করা হবে। এজন্য জনগণকে ধৈর্য ধরতে হবে।’ মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন নির্বাচন কমিশন দায়িত্ব বুঝে নিয়েছেন। আমার বিশ্বাস, প্রথম কাজ হিসেবে শিগগিরই জেলা পরিষদ নির্বাচন দিয়ে দেবেন তারা। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে যত দ্রুত সম্ভব সংশোধনের চেষ্টা করবে সরকার।’
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, কার্যকরী সদস্য শাহ আলম, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, যুগ্ম আহ্বায়ক পৌর মেয়র এসজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূঞা বকুল, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।
বর্ধিত সভায় আগামী ১ এপ্রিল কসবা পৌর আওয়ামী লীগ ও ১৪ মে কসবা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।