বগুড়ার শিবগঞ্জে ছোটদের ঝগড়া থামাতে গিয়ে নিহত হয়েছেন এক নির্মাণ শ্রমিক। আতোয়ার রহমান (৩৫) নামের ওই শ্রমিককে গ্রামের কতিপয় যুবক পিটিয়ে হত্যা করেন।
শুক্রবার রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আতোয়ার নাটমরিচা পশ্চিমপাড়ার বুলু আকন্দের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানা-পুলিশ জানায়, গ্রামের স্কুলছাত্ররা আগামী রবিবার পিকনিকে যাওয়ার জন্য নাটমরিচা গ্রামে এক দোকানের পাশে ব্যানার টাঙিয়ে দেয়। শুক্রবার দুপুরে কে বা কারা সেই ব্যানারটি ছিঁড়ে ফেলে। রাতে এ নিয়ে ছোট ছেলেদের মধ্যে বিরোধের এক পর্যায় হাতাহাতি শুরু হয়। ছোটদের এই বিরোধে গ্রামের কিছু নারী-পুরুষও জড়িয়ে পড়েন।
এ সময় আতোয়ার বিরোধ নিষ্পত্তি করতে গেলে তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, ছোটদের ঝগড়াটি ওই গ্রামের কিছু নারী উসকে দেন। এ সময় আতোয়ার ঝগড়া থামাতে গেলে তার মাথায় আঘাত করা হয়, এতে তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু'জন নারীকে আটক করা হয়েছে।