আর কয়েক ঘণ্টা পরেই ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম। টেবিলের সেরা চারে থাকার জন্য লড়াই করছে দুই দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হতে যাওয়া ম্যাচটি তাই খুবই গুরুত্বপূর্ণ উভয় দলের জন্য।
তবে এমন ম্যাচের আগে ইউনাইটেড গোলরক্ষক ডেভিড দি গিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। দ্য সান জানাচ্ছে, দি গিয়া করোনা আক্রান্ত হয়েছেন। ফলে টটেনহামের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যাচ্ছেন তিনি।
দি গিয়া খেলতে না পারলে সেটা ইউনাইটেডের জন্য নিশ্চিতভাবেই বড় ধাক্কা হবে। কারণ চলতি মৌসুমে ওল্ড ট্রাফোর্ডের দলটির অন্যতম সেরা পারফরমার তিনি।
তা ছাড়া কোচ রালফ রাংনিককেও শেষ সময়ে এই খবর বিপাকে ফেলবে। কারণ হ্যারি কেইন, হিউং-মিন সনকে থামাতে দি গিয়াই তার সবচেয়ে বড় নির্ভরতার জায়গা।
যদিও ম্যানচেস্টার ইউনাইটেড নাকি দি গিয়াকে খেলানোর ‘বিশেষ ছাড়পত্র’ পাওয়ার আশা রয়েছে। তবে সেটা কতটা সম্ভব হবে তা বড় বিষয়।
দি গিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর সত্য হলে তার জায়গায় খেলবেন ডিন হেন্ডারসন।