সাভারের আশুলিয়ায় চাঁদা না দেয়ায় নির্মাণাধীন বাড়ির কাজে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন জখম হয়েছেন বলে জানা গেছে।
শনিবার দুপুরে আশুলিয়া থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বাড়ির মালিক আসাদুজ্জামান আসাদ।
আহতরা হলেন- আশুলিয়ার কাঠগড়া মোল্লাবাড়ি এলাকার জলিল মাস্টারের ছেলে আশরাফ হোসেন ও সাইজুদ্দিন মোল্লার ছেলে আসাদুজ্জামান আসাদ ও সিদ্দিকুর রহমান।
তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
থানা-পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভারের আশুলিয়া ইউনিয়নের কান্দাইলের কামরুল মোড় এলাকায় আহত আসাদের মালয়েশিয়া প্রবাসী আত্মীয় আমিনুল ইসলাম একটি বাড়ি নির্মাণ করছেন। নির্মাণকাজের শুরু থেকে ওই এলাকার বাসিন্দা ওহাব ও তার ছেলে হাসান পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। শুক্রবার বিকেলে নির্মাণকাজ দেখতে গেলে দাবিকৃত চাঁদা না দেয়ায় ওহাবের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আসাদ, সিদ্দিক ও আশরাফের ওপর হামলা চালায়।
থানায় লিখিত অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- আশুলিয়ার কান্দাইল কামরুল মোড় এলাকার আব্দুল ওহাব, তার ছেলে হাসান, রানা, বুলবুল, জিহাদ, নরসিংহপুরের কোনাপাড়া এলাকার পারভেজ খান, জোবায়ের রহমান ইমন ও মেহেদী হাসান জয়সহ অজ্ঞাত আরও ৬ জন।
ভুক্তভোগী আসাদুজ্জামান আসাদ বলেন, সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। তারা আমাকে মাটিতে ফেলে কিল-ঘুষিসহ লোহার রড দিয়ে মারতে থাকেন। এ সময় আমার মামাতো ভাই এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে জীবন বাঁচাতে আমার লাইসেন্স করা অস্ত্র দিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি করলে তারা পালিয়ে যায়।
অভিযুক্ত কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘সন্ত্রাসী হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’