মোহামেডানের হয়ে খেলতে ১৫ মার্চ আসছেন হাফিজ

আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ঢাকা লিগ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে দেখা যাবে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে।

১৫ মার্চ হাফিজ ঢাকায় পৌঁছাবেন বলে খবর। সংবাদমাধ্যমকে মোহামেডানের ক্রিকেট সম্পাদক সেলিম শাহেদ এ তথ্য জানিয়েছেন।

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদসহ এক ঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে এবারের দল গড়েছে মোহামেডান।

কিন্তু জাতীয় দলের ব্যস্ততা থাকায় সাকিব-মুশফিকদের সার্ভিস শুরুর দিকে পাবে না সাদাকালোরা। তাদের বিকল্প মাথায় রেখেই হাফিজের মতো অভিজ্ঞকে টেনেছে দলটি।

জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন হাফিজ। দীর্ঘ ১৮ বছর পাকিস্তান জাতীয় দলের জার্সিতে খেলেছেন এই অলরাউন্ডার।