বেঙ্গালুরুতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দিবারাত্রির টেস্টের প্রথম দিনে ১৬ উইকেট পড়েছে। স্বাভাবিকভাবেই ব্যাটারদের জন্য ছিল চূড়ান্ত এক পরীক্ষার দিন। যেখানে ৮ রানের জন্য সেঞ্চুরি মিসের হতাশায় ডুবেছেন শ্রেয়াস আইয়ার।
শ্রীলঙ্কান স্পিনাররা প্রথমে দাপট দেখিয়েছেন। পরে আলো কেড়েছেন ভারতীয় পেসাররাও। বোলারদের দিনে এগিয়ে থেকে দিন শেষ করেছে স্বাগতিকেরা। প্রথম ইনিংসে ভারতের ২৫২ রানের জবাবে দিন শেষে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৮৬। এখনো ১৬৬ রানে পিছিয়ে সফরকারীরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামা ভারত আইয়ারের ব্যাটে ভর করে আড়াই শ করতে পারে। আইয়ার ১০ চার ও ৪ ছক্কায় ৯৮ বলে ৯২ রানের ইনিংস খেলেন। রিশভ পন্ত ২৬ বলে ৩৯ রান করেন।
ভারতের ১০ উইকেটের ৮টিই নেন স্পিনাররা। একটি ছিল রান আউট। সর্বোচ্চ তিনটি করে শিকার লাসিথ এম্বুলদেনিয়া ও প্রাভিন জয়াবিক্রমার।
জবাবে দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। পর পর দুই ওভারে দুই উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। প্রথম তিন ব্যাটারের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
বুমরার পরে উইকেটের খাতায় ঢোকেন মোহাম্মদ শামি। ৫০ রানে ৫ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার।
একমাত্র অ্যাঞ্জেলো ম্যাথুজ কিছুটা সামলে খেলতে পারছিলেন। তার ব্যাটেই শ্রীলঙ্কার রান এগোচ্ছিল। কিন্তু ৪৩ রানের মাথায় তাকে আউট করেন বুমরাহ।
এখন পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন বুমরাহ। শামির শিকার দুটি। অন্য উইকেটটি অক্ষর প্যাটেলের।
সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত। মোহালিতে প্রথম টেস্ট ইনিংস ও ২২২ রানে জেতে দলটি। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় ৩-০তে।