সাড়া ফেলেছে প্রযুক্তি উদ্যোক্তার বই

পেশাদার উদ্যোক্তা তানভীর এ মিশুকের কাজ তথ্যপ্রযুক্তি জগতের নানান সেবা নিয়ে। সংবাদপত্রের বন্ধুদের আগ্রহে লিখতে শুরু করেন তিনি। ছোট্ট ছোট্ট লেখা জমে দাঁড়িয়ে গেছে তার প্রথম বই, ‘অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল বিপ্লব’।

মূলত বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তার লেখা এবং সাক্ষাৎকারের বাছাইকৃত কয়েকটি নিয়ে প্রকাশিত হয়েছে সংকলনটি। যেখানে, দেশে তথ্যপ্রযুক্তি সেবার প্রচলন এবং অগ্রযাত্রার ক্ষেত্রে ঘাত-প্রতিঘাত, বাধা এবং সম্ভাবনার নানা দিক তুলে এনেছেন লেখক। বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই আছে প্রবন্ধ এবং সাক্ষাৎকার। আবিষ্কার প্রকাশনী থেকে বেরোনো বইটি বাজারে সাড়া ফেলেছে।

‘টাকা লেনদেনে গতি দিতে পারলে সেই গতিময়তা সুপারসনিক বেগে অর্থনীতির অন্যান্য গলিপথেও ছড়িয়ে পড়ে। বিষয়গুলো কাছ থেকে দেখতে গিয়ে মনে হয়েছে সবার বিষয়টি জানা দরকার। লেখার ধারণা এভাবেই নিজের মধ্যে জন্মেছে’ জানান মিশুক। বইটি তিনি উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে। বিজ্ঞপ্তি