বোর্দোর বিপক্ষে আছেন নেইমার-দোন্নারুম্মা, নেই রামোস-দি মারিয়া

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার ক্ষত এখনো শুকায়নি পিএসজি। সেই ক্ষত নিয়েই লিগ ওয়ানে তলানির দল বোর্দোর বিপক্ষে মাঠে নামছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৩-১ গোলে হারে পিএসজি। সান্তিয়াগো বার্নাব্যুতে থেকে হার নিয়ে ফেরার পর এই প্রথম মাঠে নামছে ফরাসি চ্যাম্পিয়নরা।

আজ সন্ধ্যায় ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে বোর্দোকে আতিথেয়তা দেবে পিএসজি। এই মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ ব্যবধানে জিতেছিল তারা। কিন্তু ফিরতি লেগে হেরে শেষ আটে যাওয়ার স্বপ্ন বিসর্জন দিতে হয় পচেত্তিনোর দলকে।

বোর্দোর বিপক্ষে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে পিএসজি। স্কোয়াডে আছেন লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। আছেন বার্নাব্যুতে যার ভুলে ফরাসি জায়ান্টরা প্রথম গোল হজম করেছিল সেই গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

তবে দলে নেই রিয়ালের সাবেক দুই তারকা আনহেল দি মারিয়া, সার্জিও রামোস ও মার্কো ভেরাত্তি। রিয়ালের বিপক্ষে খেলেছেন দি মারিয়া। কিন্তু চোটের কারণে ছিলেন না রামোস। 

লিগ ওয়ানে ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে পিএসজি। যেখানে দুইয়ে থাকা নিসের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৫০। ২২ পয়েন্ট নিয়ে সবার শেষে বোর্দো।

পিএসজি স্কোয়াড: কেইলর নাভাস, আশরাফ হাকিমি, প্রেসনেল কিমপেম্বে, মারকুইনহোস, কিলিয়ান এমবাপ্পে, লিওয়ান্দ্রো পারেদেস, মাউরো ইকার্দি, নেইমার, দানিলো, কলিন দাগবা, জিওর্জিনো ভাইনালদাম, দিয়ালো, হুলিয়ান ড্রাক্সলার, থিলো কেহরের, গানা, দিনা-এবিম্বে, লিওনেল মেসি, সিমন্স, মিচুত, জিয়ানলুইজি দোন্নারুম্মা, লেতেলিয়ের।