বহুতল ভবন থেকে পড়ে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

ময়মনসিংহ নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় স্বদেশি বাজার মোড়ে রাইট পয়েন্ট নামক ১২ তলা বহুতল ভবন থেকে পড়ে শ্রীজা ধর নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম অর্ক প্রিয়া ধর শ্রীজা; তিনি ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও গবেষক স্বপন ধরের কন্যা এবং সরকারি বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তার মাইগ্রেনের চিকিৎসা চলছে।

নিহতের মা জানান, তার মেয়ে মানসিকভাবে খুবেই শক্তিশালী। আত্মহত্যা করার কোনো প্রশ্নই ওঠে না। তারা প্রেমঘটিত কোনো বিষয়েও কিছু জানেন না।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।