ফেসবুক স্ট্যাটাসে পরিবারের বিরুদ্ধে ‘নির্যাতনের’ অভিযোগ সৃজার

ময়মনসিংহে ‘অবাধ স্বাধীনতা ও চলাফেরায় পরিবারের লোকজন হস্তক্ষেপ’ করায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। একটি ১২তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ছাত্রীটি আত্মহত্যা করেন।

এর আগে নিজের ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে লিখেন ৩ বছর ধরে তিনি আত্মহত্যার চিন্তা করছিলেন। পরিবারের বিরুদ্ধে ‘অতিরিক্ত শাসনের’ অভিযোগ স্পষ্টত তার ফেসবুক স্টাটাসে। সেই শাসন বারণ এখন  অসহনীয় পর্যায়ে চলে গেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি তার পরিবারের কথা উল্লেখ করে ‘কন্যা সন্তান গ্রহণে’ পিতা-মাতাদের সতর্ক হতে বলেছেন।

নিহত কিশোরীর নাম অর্কপ্রিয়া ধর সৃজা (১৬ তিনি নগরীর কমার্স কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও গবেষক স্বপন ধরের মেয়ে এবং নগরীর বিদ্যাময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাদের বাসা নগরীর পুলিশ লাইনস এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায়, স্বদেশী বাজারের যে ভবন থেকে সৃজাকে পড়তে দেখা যায়, সেই ভবনটি ১২তলা বিশষ্ট। সৃজার পড়ে যাওয়ার সময় কোনো চিৎকার বা আর্তনাদ শোনেনি কেউ। পড়ে যাওয়ার পর খুব বেশি রক্তপাত হয়নি এবং কিছুক্ষণের মধ্যে মৃতদেহে মাছি বসতে শুরু করে।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, ‘পরিবারের শাসন-বারণ মেনে নিতে পারছিল না মেয়েটি। তাই আত্মহত্যা করতে পারে। ফেসবুকের স্ট্যাটাস দেখে তাই বোঝা যাচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’