পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। অভিষেক ওয়ানডে বিশ্বকাপে ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের মেয়েরা।
আসরের তৃতীয় ম্যাচে এসেই ঐতিহাসিক জয় পেল টাইগ্রেসরা। ফারজানা হক পিংকির ফিফটি ও ফাতিমা খাতুনের ম্যাচজয়ী তিন উইকেটের সুবাদে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সিডন পার্কে ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ের অনুভূতি যে ভাষায় প্রকাশ করা কঠিন!
ম্যাচ শেষে কথা বলতে গিয়ে জয়ের উচ্ছ্বাসই ঝরে পড়ল টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যেতির মুখে, ‘আমার মনে হয়, এই অনুভূতি প্রকাশ করতে পারব না। এটা ঐতিহাসিক মুহূর্ত। আমি মনে করেছিলাম, স্পিনাররা এখানে দাপট দেখাতে পারবে। আমরা পাকিস্তানকে খুব ভালো করে জানি।’
নিজের অধিনায়কত্বে এমন ইতিহাস গড়া জয়, খুশি তো হবেনই জ্যোতি। তার আগে বাংলদেশকে লড়াকু সংগ্রহ এনে দেওয়ার পথে ৪৬ রানের ইনিংসও খেলেন তিনি। আসরের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।
তবে পাকিস্তানের বিপক্ষে এই জয় আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন জ্যোতি, ‘আমরা তাদের বাছাইয়ে হারিয়েছিলাম। মেয়েরা খুবই কঠোর পরিশ্রম করেছে। একটি জয় আপনাকে প্রচুর আত্মবিশ্বাস জোগাবে। আমরা উন্নতি করছি এবং আমরা দক্ষ দল।’