ঝালকাঠির কাঠালিয়া আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ মো. আবুল বসার বাদশা মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. পারভেজ শাহরিয়ারের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আবুল বসার বাদশা আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে উপাধ্যক্ষ পদে ৩১ মার্চ ২০১৫ তারিখ যোগদান করে ৩০ এপ্রিল ২০১৬ পর্যন্ত একই পদে কর্মরত ছিলেন।
পরবর্তীতে সনদ জালিয়াতির মাধ্যমে ১ মে ২০১৬ তারিখে একই কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি কলেজের নিয়োগ বাণিজ্য, নিয়োগ জালিয়াতি, দুর্নীতিসহ কলেজের তহবিল থেকে ৫১ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাৎ করেন।
এসব অভিযোগে ২০২০ সালের ১০ মার্চ বাদশাকে কলেজ থেকে বরখাস্ত করা হয়। পরে কলেজের সহকারী অধ্যাপক সমীর কুমার সাহা ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমী কুমার সাহা দায়িত্ব গ্রহণের পর বরখাস্তকৃত অধ্যক্ষ বাদশার নিয়োগ জালিয়াতি, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে ঝালকাঠি আদালতে ২০২০ সালের ৩১ ডিসেম্বর একটি মামলা (মামলা নং- সিআর-১৭১/২০) দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তভার সিআইডিকে দিলে প্রায় এক বছর তদন্তের পর গত নভেম্বর মাসে ঝালকাঠি আদালতে প্রতিবেদন দাখিল করে।
তদন্ত প্রতিবেদনে বাদশার সকল দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ পায় সিআইডি।
বাদশাকে সমন জারি করলেও দীর্ঘসময় আদালতে উপস্থিত না হওয়ায় গত ১৩জানুয়ারী বাদশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
এরপর আজ আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।