টাঙ্গাইলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের বাসাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাছির মিয়া (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত বুধবার দুপুরে উপজেলার করাতিপাড়া এলাকায় তার ওপর হামলা চালানো হয়।

নিহত নাছির উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া গ্রামের নওজেশ আলী ওরফে নদে মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত বুধবার (৯ মার্চ) দুপুরে করটিয়ায় আবেদা খানম গার্লস স্কুল অ্যান্ড কলেজের পুকুর পাড় এলাকায় নাছির কাস্তে দিয়ে কাঁঠাল পাতা কাটার সময় পুকুরে নেয়া বিদ্যুৎ সংযোগের তার অসাবধানতাবশত কেটে যায়। পরে নাছির বাড়িতে ফিরছিলেন এমন সময় করটিয়া এলাকার বাসিন্দা বাদল নামের এক ব্যক্তির নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে আবার বাড়িতে আনা হয়। এরপর গতকাল রবিবার রাতে তার অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালে প্রেরণ করেন। সোমবার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, ‘বাদল নামের এক ব্যক্তি ২-৩ জনকে সঙ্গে নিয়ে নাছিরের ওপর হামলা চালায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে নাছির মারা যান।’

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে নিহতের স্ত্রী রানী বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।