ভারতফেরত যাত্রীদের টিকা নেয়া থাকলে করোনা নেগেটিভ সনদ লাগবে না

ভারত থেকে ফেরত আসা যাত্রীদের করোনাভাইরাসের ২ ডোজ টিকা অথবা জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা নেওয়া থাকলে এখন থেকে আর করোনা নেগেটিভ সনদ লাগবে না।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্যবিভাগে পাঠানো এক নির্দেশনায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল স্বাস্থ্যবিভাগে দায়িত্বরত চিকিৎসক জাহিদুর রহমান জানান, বাংলাদেশ সরকার অনুমোদিত যেকোনো করোনা টিকার দুই ডোজ অথবা জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা গ্রহণকারী যাত্রীদের ভারত থেকে ফেরার সময় আজ থেকে ৭২ ঘণ্টার মধ্যে করা আরটি পিসিআরের করোনা সনদ প্রয়োজন হবে না।

তিনি বলেন, যারা টিকা গ্রহণ করেননি তাদের ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি আরও জানান, যে সব পাসপোর্টধারী যাত্রী বুস্টার ডোজ নিয়ে ভারতে যাচ্ছেন তাদের করোনা টেস্টের সনদ লাগবে না। তবে যে সব যাত্রীদের শরীরে করোনার উপসর্গ থাকবে তাদের বাধ্যতামূলক আইসোলেশনে থেকে করোনা টেস্ট করাতে হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, ভারত থেকে ফিরে আসা যে সব বাংলাদেশি যাত্রীদের করোনার দুই ডোজ বা জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা দেওয়া আছে তাদের করোনা সনদ লাগবে না। যা আজ সোমবার থেকে কার্যকর করা হয়েছে।