গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে সরকারি জমি, নদী, খাল-বিল ও ফসলি জমির মাটি চুরি করে ইটভাটায় নেওয়ার সময় হাতেনাতে ১৩ জনকে আটক করা হয়েছে। গত রবিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটকের পর গতকাল দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। এসময় পাঁচটি ট্রাক ও দুটি ভেকু জব্দ করা হয়।
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত রবিবার গভীর রাতে চানপুর এলাকার লৌহজং নদীর তীর কেটে মাটি লুট করে নিয়ে যাচ্ছিল মাটিখেকোরা। খবর পেয়ে রাত দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাসুদ রানা, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, আকবর হোসেন, ইমদাদুল হক, আব্বাস আলী, উসমান গণি, শামীম হোসেন, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম নামে ১০ মাটি ব্যবসায়ী, ট্রাক ও ভেকু চালককে আটক করা হয়। পরে আটকদের এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় এবং তিনটি ট্রাক ও একটি ভেকু জব্দ করা হয়।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝুখান বাজার এলাকায় সরকারি জমির মাটি লুট করার সময় রায়হান হোসেন, কামাল ও আবদুল কুদ্দুসকে আটক করে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। এসময় দুটি ট্রাক ও একটি ভেকু জব্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে দ-প্রাপ্তদের গাজীপুর কারাগারে পাঠানো হয়।