বেগমগঞ্জে বাসচাপায় নারী নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী হিমাচল পরিবহনের একটি বাস চাপায় সাদিয়া খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক সড়কের জয়নাল আবেদিন মেমোরিয়াল একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই দ্রুত বাসটি পালিয়ে যায়। নিহত সাদিয়া খাতুন উপজেলার কাদিরপুর ইউনিয়নের সেকান্দার উকিলের বাড়ির মৃত আবদুল ছাত্তারের স্ত্রী।

পুলিশ জানায়, দুপুরে ঢাকা-নোয়াখালী সড়কের জয়নাল আবেদিন একাডেমির সামনে দিয়ে সড়ক পার হচ্ছিলেন সাদিয়া খাতুন। এ সময় ঢাকা থেকে সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা হিমাচল বাস তাকে চাপা দেয়। এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন সাদিয়া। পরে স্থানীয় লোকজন গাড়িটি ধাওয়া করলেও দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করতে পারেনি।

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।