বান্দরবানে ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা

বান্দরবানের ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থক জলন্ত তঞ্চঙ্গ্যাকে (৩৩) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি রাজবিলা ইউনিয়নে বাঘমারা এলাকায় থালুং পাড়া গ্রামে রাম তংচগ্যার ছেলে।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে সদর উপজেলা ৫ নম্বর টংকাবতী ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের চাকমা পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জলন্ত তঞ্চঙ্গ্যা (৩৩) দুদিন আগে চাকমা পুনর্বাসন এলাকায় নিজ আত্মীয় বাড়িতে ঘুরতে আসে। পরে তিনি মোটরসাইকেলে ১২ মাইল এলাকায় ঘুরতে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে চলে যায় । এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) সাধারণ সম্পাদক উবামং মারমা জানান, জলন্ত তঞ্চঙ্গ্যা (৩৩) জেএসএস দলের সাবেক কালেক্টর ছিল। নিহত ব্যক্তি জেএসএস দল থেকে বেরিয়ে এসে এক বছরের মতো স্বাভাবিক জীবনযাপন করছিল। সে আত্মীয়ের বাড়িতে ঘুরতে গেলে তাকে গুলি করে হত্যা করা হয়। জলন্ত তঞ্চঙ্গ্যা (৩৩)  ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের সমর্থক ছিলেন।

টংকাবতী চেয়ারম্যান মায়াং ম্রো বলেন, ঘটনাটি বিকেলের দিকে ঘটেছে। এ ঘটনায় গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী জানান, ঘটনাটি শুনে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। কে বা কারা ঘটেছে নিহত লাশ উদ্ধার হওয়ার পর বিস্তারিত জানাতে পারব।