সিদ্ধিরগঞ্জে সরকারি জলাশয় ভরাট করে রাস্তা ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের হিড়িক পড়েছে। কাঁচপুর সেতু থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে চলছে প্রভাবশালী মহলের দখল প্রতিযোগিতা। ব্যক্তিস্বার্থে নির্মিত এসব রাস্তা ও ব্যবসাপ্রতিষ্ঠান অবৈধ বললেও নীরব নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলের কাঁচপুর সেতু থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের উত্তর পাশের জলাশয়টির প্রস্থ ছিল প্রায় ৫০ ফুট আর দৈর্ঘ্য চার কিলোমিটার। কিন্তু নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অধীন সরকারি দীর্ঘ জলাশয়টি এখন দখলদারদের আগ্রাসনে বিলীন হয়ে পড়েছে। জলাশয় ভরাট ও দখল করে নির্মাণ করা হয়েছে ব্যক্তিস্বার্থে একাধিক রাস্তা, ব্যবসাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি ও দোকানপাট।
সরেজমিনে দেখা গেছে, সাইনবোর্ড এলাকায় চলাচলের সুবিধার্থে ওয়ার্ল্ড মার্কেট (নির্মাণ প্রক্রিয়াধীন) কর্তৃপক্ষ জলাশয় ভরাট করে ১৬ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করেছে। সানারপাড় বাসস্ট্যান্ডসংলগ্ন বড় বড় একাধিক বাঁশের আড়ত করা হয়েছে। তার কিছু পূর্বে চিটাগাং বিল্ডার্স নামক একটি প্রতিষ্ঠান নির্মাণ করেছে ১২ ফুট প্রশস্ত সড়ক। মৌচাক এলাকায় আল-আমিন গার্মেন্টস কর্তৃপক্ষ করেছে ১৬ ফুট প্রশস্ত সড়ক। মাদানীনগরে অন্তত পাঁচ একর জমি দখল করে করা হয়েছে টায়ার মার্কেট। মুক্তিনগরে ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করেছে বিক্রমপুর বোর্ডিং কর্তৃপক্ষ। মুক্তি সরণি এলাকায় কমপক্ষে ৫০ শতাংশ জলাশয় ভরাট করেছে আজিজ কো-অপারেটিভ কর্তৃপক্ষ। শিমরাইলে কয়েক একর জমি দখল করে গড়ে তোলা হয়েছে ট্রাক টার্মিনাল। এ ছাড়া রয়েছে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি ও দোকানপাট।
জলাশয় ভরাট করে সড়ক নির্মাণ করা হলেও পানি চলাচলের জন্য কোনো কালভার্ট রাখা হয়নি। ফলে পানি সরতে না পারায় বর্ষকালে এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীকে।
জলাশয় ভরাট করে সড়ক নির্মাণের বিষয়ে জানতে চাইলে ওয়ার্ল্ড মার্কেটের ম্যানেজার সোহরাব বলেন, অনুমতির জন্য সওজ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এখনো অনুমতি পাইনি। অন্যান্য দখলদার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার দাবি করলেও তার সত্যতা পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল বলেন, সরকারি জায়গা দখল করে রাস্তা বা কোনো ধরনের স্থাপনা নির্মাণ করার অনুমতি কাউকে দেওয়া হয়নি। যদি কেউ অবৈধভাবে করে থাকে তা উচ্ছেদ করা হবে।