নড়াইল সদর উপজেলার বোড়ামারা গ্রামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশু আরাফাতকে অপহরণের পর হত্যার অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নাবিল ও মিলন নামে ওই দুই কিশোরকে আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল সকালে এলাকার একটি বাঁশবাগান থেকে আরাফাতের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত আরাফাত মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের ওবায়দুর সিকদারের ছেলে। সে পেড়লী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ১২ মার্চ সকালে আরাফাত নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ওইদিন সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
আরাফাতের বাবা ওবায়দুর শিকদার জানান, অপহরণকারীরা মোবাইল থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। কিন্তু টাকা দিতে রাজি হননি। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়। পুলিশ সেই নাম্বার ট্র্যাকিং করে সোমবার রাতে অপহরণকারীদের সন্ধান পায়। পরে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গ্রামের শিকদারপাড়া বাঁশবাগান থেকে আরাফাতের মৃতদেহ উদ্ধার করে।
সদর থানার ওসি শওকত কবীর বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নাবিল আরাফাতকে শ^াসরোধে হত্যার কথা স্বীকার করেছে এবং মিলন সহায়তা করেছে। এছাড়া আরাফাতের বাবার কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং ভালো ভালো খাবার খাওয়ার ইচ্ছা ছিল বলে জানায় নাবিল। তবে মিলন হত্যার কথা এখনো স্বীকার করেনি।’