ঠাকুরগাঁও সদরে বাদাম বিক্রেতা জাবেদ ইসলামের (২৮) মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্বজনসহ এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের কালীতলা এলাকায় ঘণ্টাব্যাপী এ অবরোধ কর্মসূচি পালন হয়। এ সময় সড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন।
আন্দোলনকারীরা জানান, পুলিশ সঠিক তদন্ত ও দোষীদের বিচারের বিষয়ে গড়িমসি করার চেষ্টা করছে। তারা এ হত্যাকা-কে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে।
জাবেদ ইসলাম সদর উপজেলার কালীতলা সরকারপাড়া মহল্লার বাসিন্দা। তারা বাবা নুর ইসলাম জানান, গত ৬ মার্চ খেলাধুলার সময় দুই শিশুর মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এরই জেরে ১৩ মার্চ দুপুরে কাজিবস্তি গ্রামের রনি ও তার স্ত্রী মামুনি বেশ কয়েকজনকে নিয়ে জাবেদকে মারধর করে গুরুতর জখম করে। পরদিন সোমবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাবেদ। ওইদিন বিকেলেই মোহাম্মদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নূর আলমসহ দুজনকে আটক করে পুলিশ।
সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, ‘জাবেদের মৃত্যুর ঘটায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে এলাকাবাসী গড়িমসির অভিযোগ করছে তা ঠিক বুঝতে পারছি না।’