পটিয়ায় বাড়ির ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় একটি বাড়ির তৃতীয় তলার ছাদ থেকে পড়ে ছানোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আইয়ুব আলীর স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার।

মৃতের ছেলে বোরহান উদ্দিন জানান, সকালে বাড়ির তৃতীয় তলার ছাদ বাগানে পানি দিতে গিয়ে হঠাৎ নিচে পড়ে যান তার মা। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।