নাটোরে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা আটক

নাটোরের সিংড়ায় চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কলম ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

আটক যুবলীগ নেতা গোলাম মোস্তফা রানা উপজেলার কলম ইউনিয়নের বাসিন্দা এবং কলম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা রানা দীর্ঘদিন থেকে উপজেলার কলম বাজারে দোকানে দোকানে চাঁদা আদায় করতেন। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে আটক রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।