গত বছর প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক অমিত হাসান পেলেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা। তার অপরাজিত ১০৭ রানে ভর করে ৭ উইকেটে ২২১ রানের পুঁজি গড়ল খেলাঘর সমাজকল্যাণ সমিতি। তবে সাইফ হাসান ও সৈকত আলির ব্যাটে ভর করে সহজ জয় তুলে নিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সাইফ বোলিংয়েও আলো ছড়িয়ে হলেন ম্যাচসেরা।
বুধবার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৬ উইকেটে জিতে নিয়েছে শেখ জামাল। ২২২ রানের লক্ষ্য মাত্র ৪ উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখেই পেরিয়ে যায় শেখ জামাল।
সৈকত ও সাইফ ১১১ রানের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত গড়ে দেন শেখ জামালকে। অশোক মেনারিয়ার শিকার হয়ে ফেরা সৈকত ৫৮ বলে ৬৩ রান করেন ৮ চার ও ১ ছক্কায়। সাইফ ৯২ বলে ৬২ রান করেন ৬ চারে।
জহুরুল ইসলাম অমি ৬৯ বলে ৪৭ ও নুরুল হাসান সোহান ৩৯ বলে অপরাজিত ২৫ রান করেন। খেলাঘরের পক্ষে সর্বাধিক ২ উইকেট নেন হোসাইন আলি।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা খেলাঘর দ্রুতই ওপেনার পিনাক ঘোষকে (৪) হারায়। আরেক ওপেনার প্রিতম কুমারের সঙ্গে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অমিত। প্রিতম ২৬ রান করে রান আউট হয়ে ফিরলে ৫৩ রানের জুটির পতন হয়।
তৃতীয় উইকেটে অশোক মেনেরিয়ার সঙ্গে ৭৭ রান যোগ করেন অমিত। মেনেরিয়া ৬৪ বলে ৩২ রান করেন। তাকে ফিরিয়ে জুটি ভাঙেন সাইফ। এরপর টানা আরো দুই উইকেট তুলে নেন সাইফ।
খেলাঘর ৩ উইকেটে ১৪১ রান থেকে ৬ উইকেটে ১৬৫ রানে পরিণত হয়। তবে একপ্রান্তে অমিত দলকে টেনে নিয়ে যান। সপ্তম উইকেটে ৪৫ রান যোগ করেন মাসুম খানের সঙ্গে। মাসুম ২২ বলে ৩০ রান করেন। ১৩৩ বলে সেঞ্চুরি পূরণ করেন অমিত। শেষ পর্যন্ত তার ১৩৬ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংসে ছিল ১২ রান।