ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুরুতেই হোঁচট খেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। আলাউদ্দিন বাবুর অলরাউন্ড নৈপুণ্যে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে হেরে গেছে দলটি।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার ২৫১ রান তাড়া করতে নেমে ৪৮.৩ ওভারে ২০৯ রানে গুটিয়ে যায় মোহামেডান। ৪১ রানের জয় পায় শাইনপুকুর।
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের নিয়ে শক্তিশালী দল গড়েছে মোহামেডান। তবে এই তিন তারকাসহ তাদের মোট ৬ জন জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায়।
এরপরও এক ঝাঁক তারকা নিয়েই এদিন মাঠে নেমেছিল মোহামেডান। সৌম্য সরকার, রনি তালুকদার, শুভাগত হোমরা তো ছিলেনই। পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকেও উড়িয়ে এনেছে তারা। এরপরও তুলনায় কম শক্তির শাইনপুকুরের কাছে হার দলটির।
রান তাড়া করতে নেমে ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে মোহামেডান। ওপেনার পারভেজ হোসেন ইমনের ৮৮ বলে সর্বোচ্চ ৫৪, সোহরাওয়ার্দী শুভর ৫২ বলে ৫১, ইয়াসিন আরাফাতের ৪২ বলে ৩৮ রানের পরও জয়ের পথে হাঁটতে পারেনি মোহামেডান।
শাইনপুকুরের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন আলাউদ্দিন বাবু, সিকান্দার রাজা ও আনিসুল ইসলাম ইমন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা শাইনপুকুরের শুরুটাও ভালো ছিল না। তবে সাজ্জাদুল হক ও আলাউদ্দিন বাবুর ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ২৫০ রানের পুঁজি গড়ে দলটি।
সাজ্জাদুল ৫৯ বলে ৭০, বাবু ১৯ বলে অপরাজিত ৪৬, সিকান্দার রাজা ৭৪ বলে ৪২ ও রাকিন আহমেদ ৭৪ বলে ৩৯ রান করেন।
মোহামেডানের পক্ষে সৌম্য সরকার ৩টি এবং সালাউদ্দিন শাকিল ২ উইকেট নিয়েছেন। ম্যাচসেরা হয়েছেন আলাউদ্দিন বাবু।