এশিয়া ফুটবলের উন্নয়নে শেখ রাসেল ক্রীড়াচক্র ও ইস্ট বেঙ্গল ক্লাব যৌথভাবে কাজ করবে। বাঙালির সেরা খেলা ফুটবলকে নিয়ে এশিয়া মহাদেশে নতুনভাবে আলোড়ন, উদ্দীপনা আনার উদ্দেশ্যেই একসঙ্গে পথচলার এই অঙ্গীকার। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সঙ্গে গতকাল ভারতের ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের আলোচনায় এই সিদ্ধান্ত হয়েছে। সায়েম সোবহান আনভীরের আমন্ত্রণে গতকাল ঢাকায় আসেন ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা। এর কদিন আগে তাকে দেওয়া সংবর্ধনার জবাবে কলকাতায় সায়েম সোবহান আনভীর বলেছিলেন, ‘এখানে অনেকবার শুনছি এপার বাংলা-ওপার বাংলা। আসলে বাংলা তো একটাই, ভাষা তো এক, মানুষগুলো তো এক, শুধু মাঝখানে একটা লাইন এসে গেছে। আসেন বাংলাকে খেলাধুলার মাধ্যমে এক করি।’