ডিজিটাল নিরাপত্তা মামলায় আইনজীবী কারাগারে

বাগেরহাটের মোরেলগঞ্জের একটি কলেজের অধ্যক্ষ ও তার কর্মচারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কটূক্তি ও বিষোদগার’ করার অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গোলাম কিবরিয়া তারিক (৪৫) নামে এক আইনজীবীকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

গত মঙ্গলবার রাতে মোরেলগঞ্জ পৌরসভার নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এর আগে মঙ্গলবার রাতে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নীতিশ বিশ্বাস বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় গোলাম কিবরিয়া তারিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

মামলার এজাহারের বরাতে বাগেরহাট জেলা সাইবারক্রাইম ইনভেস্টিগেশন সেলের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম গতকাল বলেন, ২০২২ সালের ১২ জানুয়ারিসহ বেশ কয়েকটি তারিখে গোলাম কিবরিয়া তারিক নিজের ফেইসবুক আইডিতে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও তার অধীনস্থ কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। এতে কলেজের অধ্যক্ষ ও তার কর্মচারীদের মানহানি হয়েছে।