রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ আটক ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বুধবার রাতে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

আটক ওমর ফারুক (২৪) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১২ এর জি-১ ব্লকের সলিমুল্লাহর ছেলে। তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তিনি তালিকাভুক্ত দুষ্কৃতকারী বলে জানা যায়।

৮ এপিবিএন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমদের তত্ত্বাবধানে রোহিঙ্গা মো. রফিকের দোকানের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কৌশলে অবস্থানরত একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার আসামি ক্যাম্প-১২ এর জি-৩ ব্লকের মো. সলিমুল্লাহর ছেলে ওমর ফারুক বলে প্রাথমিকভাবে স্বীকার করেন। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরের ডান পাশে কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল (লোহার তৈরি), একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জানা যায়, আটক ওমর ফারুক ক্যাম্প-১২ এর তালিকাভুক্ত দুষ্কৃতকারী। তিনি মিয়ানমারে চলমান জান্তা সরকারবিরোধী যুদ্ধে অংশগ্রহণ করে কয়েক দিন আগে বাংলাদেশে প্রবেশ করে উখিয়ার ক্যাম্প-১২তে অবস্থান করছিলেন।

পুনরায় মিয়ানমার ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতেই ক্যাম্প-১৩ এর কাঠালতলী বাজারে গিয়েছিলেন; যেখান থেকে ফেরার পথে অস্ত্রসহ এপিবিএন সদস্যরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।