‘এসআরকে প্লাস’ নিয়ে জল্পনা
করোনাকালে বিনোদনের অন্যতম বড় মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। তবে সেই ওটিটি প্ল্যাটফর্মে এতদিন দেখা যায়নি বলিউড বাদশাহ শাহরুখ খানকে। যা নিয়ে রীতিমতো আক্ষেপ রয়েছে শাহরুখের ভক্তদের। এবার সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে। শিগগিরই ওটিটি দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন বলিউড বাদশাহ। আসতে চলেছে শাহরুখের নতুন প্রজেক্ট ‘এসআরকে প্লাস’। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ লিখেছেন, ‘কুছ কুছ হোনে ওয়ালা হ্যায়। ওটিটি কি দুনিয়া মে।’ শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট ভারতের সংবাদমাধ্যমকে জানিয়েছে, এটা কোনো ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ নয়। সম্পূর্ণ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। শাহরুখের এই ঘোষণার পরপর অনেকেই অনুমান করছেন, নিজস্ব ওটিটি নিয়ে আসছেন তিনি। তবে এক সূত্রের বরাতে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ডিজনি প্লাস হটস্টারে দ্রুতই আত্মপ্রকাশ করবেন শাহরুখ। সেখানেই এসআরকে প্লাস নামে নতুন ফিচার যুক্ত হতে পারে। দ্রুতই এই প্রসঙ্গে বিস্তারিত ঘোষণা আসবে। গুঞ্জন উঠেছে, শাহরুখের এসআরকে প্লাস ওটিটি অ্যাপটিতে কিং খানের সঙ্গে হাত মেলাতে চলেছেন অনুরাগ কাশ্যপ, করণ জোহরের মতো পরিচালকরা। শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে সালমান রিটুইট করে লিখেছেন, ‘আজ কি পার্টি তেরি তারাফ সে?’ সঙ্গে নতুন অ্যাপ এসআরকে প্লাসের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি।